পূর্বধলায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৪:৩২ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় ইটবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত এক যুবক তিন দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।
সোমবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মোফাজ্জল হোসেন (২৮) উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি রাজধলা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী এবং পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়নের ছোছাউড়া মডার্ন আইডিয়াল স্কুলসংলগ্ন স্টেশন সড়কে একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজুদুল হক (৫৮) নামে একজন নিহত হন। আহত হন মোফাজ্জল হোসেন ও আনাস (১২) নামে এক শিশু।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে মোফাজ্জল হোসেনের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনায় তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তিনি মারা যান।
পরিবার সূত্রে জানা গেছে, আজ রাত ১০টায় নিজ বাড়িতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।




_medium_1773647742.jpg)


