ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে পূর্বধলায় এসএসসি পরীক্ষার্থীদের দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক সভা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০১:১৮ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের মানসিক প্রস্তুতি জোরদার করতে দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় পূর্বধলা উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে এ দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু ও শিশু ফোরামের নিবন্ধিত প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মফিজুল হক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পরীক্ষা মানেই আতঙ্ক নয়, এটি তোমাদের মেধা যাচাইয়ের একটি সুযোগ। নিয়মিত পড়াশোনা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে তোমরা অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবে।”
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পূর্বধলা এপি’র আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল এপিসিও’র সিনিয়র ম্যানেজার কাজল এ দ্রং। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার এপি স্পন্সরশিপ ও সিপি অফিসার ভজন চিরান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের টেকনিক্যাল স্পেশালিস্ট (স্বাস্থ্য ও পুষ্টি) ডা. শাহ সাঈদ ইবনে আজিজ, শিক্ষা বিশেষজ্ঞ জনপল স্কু এবং প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মোঃ মবিন উদ্দিন।

বক্তারা পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি, পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনা, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং সুস্বাস্থ্য বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। বিশেষ করে পরীক্ষার আগে পুষ্টিকর খাবার গ্রহণ ও পর্যাপ্ত ঘুমের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভয় কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করে জানায়, এ ধরনের আয়োজন তাদের পরীক্ষার ভয় দূর করতে সহায়তা করেছে এবং পরীক্ষার প্রস্তুতিতে নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে।




_medium_1773647742.jpg)


