মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
শিরোনাম

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে দুই দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণ


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৬ মার্চ ২০২৬, ১২:১৯ দুপুর

জামালপুরের মাদারগঞ্জে স্থানীয় নারীদের দক্ষতা বৃদ্ধি এবং বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দুই দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 
 
১৫ ও ১৬ মার্চ BRAC-এর ক্ষুদ্রঋণ কর্মসূচি, জামালপুরের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
 
“চেনা হাতে অচেনা ফসল” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রশিক্ষণে মোট ৩৬ জন নারী সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালার প্রথম দিনে অংশগ্রহণকারীদের মাশরুম চাষের আধুনিক পদ্ধতি, প্রয়োজনীয় উপকরণ, রোগবালাই প্রতিরোধ এবং বাজারজাতকরণ নিয়ে তাত্ত্বিক প্রশিক্ষণ প্রদান করা হয়। দ্বিতীয় দিনে ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা হাতে-কলমে মাশরুম চাষের বিভিন্ন কলাকৌশল শিখেছেন।
 
প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন ময়মনসিংহ হর্টিকালচার সেন্টার থেকে আগত মাশরুম বিশেষজ্ঞ সিহাবুন সাদিক। তিনি অংশগ্রহণকারীদের মাশরুম উৎপাদনের সহজ, কার্যকর এবং লাভজনক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দাবি) সেন্ট্রাল-২; সিমসন হালদার, রিজিওনাল ম্যানেজার (দাবি) জামালপুর; মোঃ রাশেদুজ্জামান, ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট (কৃষি ও বীমা ইউনিট) সেন্ট্রাল-২; এ.এস.এম মাহবুবুল আলম, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা ইউনিট) জামালপুর; মোঃ নজরুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (মাদারগঞ্জ) এবং মোঃ মাজহারুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (মাদারগঞ্জ) প্রমুখ।
 
কর্মশালায় বক্তারা বলেন, মাশরুম শুধুমাত্র পুষ্টিকর খাদ্য নয়, এটি নারীদের জন্য একটি লাভজনক আয়ের উৎস। স্বল্প জায়গায়, কম খরচে এবং অল্প সময়ে মাশরুম চাষ করে পরিবারের আয় বৃদ্ধি করা সম্ভব।
 
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে মাশরুম চাষের জন্য প্রয়োজনীয় কিট ও নির্দেশিকা গাইড বিতরণ করা হয়। অংশগ্রহণকারী নারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এবং তারা ভবিষ্যতে মাশরুম চাষকে একটি স্থায়ী আয়ের উৎস হিসেবে গ্রহণ করতে আগ্রহী।
 
আয়োজকরা জানান, এ এলাকার মাটি অত্যন্ত উর্বর হওয়ায় বিভিন্ন ধরনের সবজি চাষের সম্ভাবনা রয়েছে। তবে সচেতনতার অভাবে মাশরুমের মতো উচ্চমূল্যের ফসল এখনও তেমনভাবে চাষ হয়নি। ব্র্যাকের ক্রেডিট প্লাস কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের প্রশিক্ষণ ও উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত