মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
শিরোনাম

ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক হলেন রোকনুজ্জামান সরকার রোকন


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৬ মার্চ ২০২৬, ০১:৫৯ দুপুর

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির রাজনীতির পরিচিত মুখ রোকনুজ্জামান সরকার রোকন। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন দায়িত্ব অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
 
শনিবার (১৪ মার্চ) বিকেলে বাংলাদেশ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সিটি করপোরেশন গুলোতে কয়েকজনকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেই তালিকায় ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে রোকনুজ্জামান সরকার রোকনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
 
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় রোকনুজ্জামান সরকার রোকন ময়মনসিংহের বিএনপি রাজনীতিতে সুপরিচিত একজন সংগঠক হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ সময় ধরে স্থানীয় পর্যায়ে দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
 
ছাত্রজীবন থেকেই রোকনুজ্জামান সরকার রোকনের রাজনৈতিক পথচলা শুরু হয়। তিনি ময়মনসিংহ সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জিএস (জেনারেল সেক্রেটারি) ও পরে ভিপি (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে নির্বাচিত হন। এরপর তিনি কোতোয়ালি থানা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন বলে জানা যায়।
 
পরবর্তীতে তিনি অবিভক্ত ময়মনসিংহ জেলা ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি সংগঠনের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করে ছাত্রদলকে সংগঠিত করতে কাজ করেছেন। ছাত্র রাজনীতির পাশাপাশি যুব রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন। এক সময় তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতির দায়িত্বও পালন করেন।
 
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে স্থানীয় পর্যায়ে তিনি একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। দলীয় নেতাকর্মীদের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে বলেও জানা যায়।
 
নতুন দায়িত্ব পাওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই আশা করছেন, তার অভিজ্ঞতা ও প্রশাসনিক নেতৃত্বে ময়মনসিংহ সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার মান আরো উন্নত হবে বলে জানান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত