কক্সবাজার ভ্রমণে গিয়ে বাড়ি ফেরা হলো না রাব্বীর
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১ দুপুর

বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে গিয়ে বাড়ি ফেরা হলো না খোরশেদ রাব্বীর।
শেরপুরের নালিতাবাড়ি থেকে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাকচাপায় খোরশেদ রাব্বী (২৫) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। খোরশেদ শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের নিলামপট্টি মহল্লার বাসিন্দা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ রাব্বী স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমানের ছেলে। তিনি আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাব্বী একজন স্বেচ্ছাসেবক ছিলেন। বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়ে রক্তদানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করতেন।
খোরশেদ রাব্বীর স্বজন ও বন্ধুবান্ধবরা জানায়, রাব্বীসহ চার বন্ধু মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাসে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। ভোরের দিকে তারা সাতকানিয়া এলাকায় মহাসড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় রাব্বী পেছনের সিটে বসার জন্য গাড়ি থেকে নেমে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নালিতাবাড়ীতে গভীর শোকের ছায়া নেমে আসে। পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম দেখা দেয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে সেখানকার থানা থেকে এখনো আমাদের কাছে কোনো বার্তা আসেনি। আনুষ্ঠানিক বার্তা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।





_medium_1771932770.jpg)
_medium_1771932693.jpg)
