ভালুকায় সীমানা প্রাচীর দিয়ে কারখানার জমি দখলের অভিযোগ
আবুল বাশার শেখ
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ বিকাল
_original_1771932770.jpg)
ময়মনসিংহের ভালুকায় সীমানা প্রাচীর নির্মাণ করে কে এন্ড কে টপস্ টেক্সটাইলস্ লিমিটেড নামের একটি কারখানার জমি দখলের চেষ্টার অভিযোগ অভিযোগ উঠেছে। ওই ঘটনায় কারখানার কর্মচারী মো. মনিরুজ্জামান বাদি হয়ে স্থানীয় প্রশাসন ও ভালুকা মডেল থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কে এন্ড কে টপস টেক্সটাইলস লিমিটেডের ডাইরেক্টর খালেদ জামিল আহমেদ আদেল উপজেলার কাঠাঁলী মৌজার সিএস ২৬৮ দাগের ৯১ শতাংশ জমি কিনে প্রায় ৪৫ বছর যাবৎ ভোগদখলে আছেন। এদিকে, কামরুল ঢালী নামে স্থানীয় এক ব্যক্তি কিছু দিন যাবৎ ওই জমি জবরদখলের পায়তারা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনি লোকজন নিয়ে সীমানা প্রাচীর তুলে কারখানার ওই জমি জবরদখল শুরু করেন। বিষয়টি স্থানীয় প্রশাসন এবং ভালুকা মডেল থানা পুলিশে জানালে পুলিশ ওই নির্মাণ কাজে বাধা দেয়।
কারখানার কর্মচারী মনিরুজ্জামান জানান, ভূমি উন্নয়নকর পরিশোধ করে কে এন্ড কে টপস টেক্সটাইলস লিমিটেডের ডাইরেক্টর খালেদ জামিল আহমেদ আদেল ওই জমি ৪৫ বছর যাবৎ ভোগদখলে আছেন। কামরুল ঢালী গায়ের জোরে ওই জমি জবরদখলের চেষ্টা করছেন।
কামরুল ঢালী জানান, অন্য কারো নয়, আমি আমার নিজস্ব জমিতে কাজ করছি, তাদের জমি আলাদা বাউন্ডারি করা আছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


_medium_1771932693.jpg)




