রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
শিরোনাম

বেগম রোকেয়া'র শেষ বিদায়ে আরবানের শ্রদ্ধাঞ্জলি


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ দুপুর

নেত্রকোনার বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা বেগম রোকেয়া (মাস্তুরা)-এর মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আরবান।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে আরবানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আরবানের কো-অর্ডিনেটর আবুল আরশাদ, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মারুফুজ্জামান রাসেল, আজকের আরবান জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম।

এর আগে সকাল ৭টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রাঙ্গণে প্রয়াত বেগম রোকেয়ার মরদেহে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

পরে সকাল ৯টায় নেত্রকোনা চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, সমাজসেবায় নিবেদিত এই গুণী শিক্ষাবিদ গত ৩০ জানুয়ারি সুইডেনে ইন্তেকাল করেন। তিনি ১৭ মে ১৯৪৭ সালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামে জন্মগ্রহণ করেন। বি.এ ও বি.এড ডিগ্রিধারী বেগম রোকেয়া ছিলেন একজন শিক্ষিকা, মানবাধিকার কর্মী ও সমাজসংগঠক। শিক্ষাঙ্গনে তিনি ‘মাস্তুরা আপা’ নামে সুপরিচিত ছিলেন।

তিনি স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ছাড়াও জাহানারা স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদ, নেত্রকোনা শাখার প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে তাঁর অবদান নেত্রকোনাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত