শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
শিরোনাম

জামালপুরে মোটরসাইকেল শোডাউন করায় জামায়াত প্রার্থীকে শোকজ


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১ বিকাল

জামালপুরে জামায়াত প্রার্থীর পক্ষে তার কর্মী-সমর্থকরা মোটরসাইকেল শোডাউন করায় জামালপুর-৫ আসনের জামায়াত প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তাকে শোকজ করা হয়েছে।
 
শনিবার (৭ ফেব্রুয়ারী) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এই শোকজ নোটিশ জারি করে। 
 
নোটিশের সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি এলাকা-১৪২ জামালপুর-৫ (জামালপুর সদর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের পক্ষে তার কর্মী-সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রাসহ শোডাউন করে নির্বাচনি প্রচারণা চালাচ্ছে। প্রচারণার এমন ভিডিও নির্বাচনি এলাকা-১৪২ জামালপুর-৫ এর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়েছে। একজন প্রার্থী হিসেবে মুহাম্মদ আব্দুস সাত্তার ও তার সমর্থকগণের এরূপ কর্মকান্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি-৯ (ক) এর সুস্পষ্ট লঙ্ঘন। তাই, অভিযোগের বিষয়ে কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না সেই বিষয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে আগামী ৮ ফেব্রুয়ারী দুপুর ১২টায় স্ব-শরীরে প্রার্থীকে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়। নির্বাচনি এলাকা-১৪২ জামালপুর-৫ এর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত জামালপুর অর্থঋণ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মো: ইকবাল মাহমুদ এই নির্দেশ দেন। 
 
কারণ দর্শানো নোটিশটি দ্রুত প্রেরণ করার জন্য জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত