শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদারের নির্বাচনী প্রচারণায় লুৎফুজ্জামান বাবর


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ সকাল

নেত্রকোনার পূর্বধলায় বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদারের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ভোট প্রার্থনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতা লুৎফুজ্জামান বাবর।

গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, “পূর্বধলা আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতা। তিনি দীর্ঘদিন ধরে জেল-জুলুম নির্যাতন সহ্য করেছেন এবং দলের দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন। তাই যোগ্য নেতার হাতেই দল ধানের শীষ প্রতীক তুলে দিয়েছে।”

তিনি নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে বলেন, “কারও কথায় বিভ্রান্ত না হয়ে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে আবু তাহের তালুকদারকে বিজয়ী করুন।

”তিনি আরও বলেন, “আগামী দিনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী।

তার আস্থাভাজন ব্যক্তি হিসেবে আবু তাহের তালুকদারকে বিজয়ী করা এখন সময়ের দাবি।”

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী (নেত্রকোনা-৫ আসন) আলহাজ্ব আবু তাহের তালুকদার।

সভায় সভাপতিত্ব করেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবান সরকার এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফতাব আহমেদ শাজাহান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ ও ইশতিয়াক আহমেদ বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবসহ দলীয় নেতৃবৃন্দ।

এর আগে জনসভা সফল করতে সকাল থেকেই নারান্দিয়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে যোগ দেন।

সভার শুরুতেই প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত