পূর্বধলায় আগুনে পুড়ে যুবকের মৃত্যু
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ রাত
_original_1770310047.jpg)
নেত্রকোনার পূর্বধলায় অস্থায়ী শ্মশানের আগুনে পুড়ে শ্যামল চন্দ্র সেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার হোগলা ইউনিয়নের পাটরা পশ্চিমপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শ্যামল চন্দ্র সেন ওই গ্রামের মৃত নগেন্দ্র চন্দ্র সেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামল চন্দ্র সেনের বাড়ির পাশে একটি অস্থায়ী শ্মশান ছিল। বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তার চাচাতো ভাই শংকর সেন প্রাকৃতিক কাজে বের হয়ে শ্মশানে আগুন জ্বলতে দেখে চিৎকার করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে শ্মশানের পাশেই শ্যামল চন্দ্র সেনের শরীরে আগুন জ্বলতে দেখতে পান।
পরে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঢাকায় নেওয়ার পথে গাজীপুর এলাকায় বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বাবার মৃত্যুর পর থেকেই শ্যামল চন্দ্র সেন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। গত দুই বছর ধরে তিনি মানসিক রোগের চিকিৎসাধীন ছিলেন। তিনি বিবাহিত ছিলেন এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।







