বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

পূর্বধলার ঘাগড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল বারেকের শেষ বিদায়ে মানুষের ঢল


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৩ নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৬ নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল বারেক (রুপা মিয়া)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘাগড়া ইউনিয়নের বহুলী বাজার ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ হাজারো মানুষের উপস্থিতি ছিল।

জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক আহমেদ বাবু, যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ ফকিরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হৃদ্‌রোগজনিত সমস্যায় আব্দুল বারেকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। তিনি ঘাগড়া ইউনিয়নের বহুলী (বানেরকান্দা) গ্রামের মৃত নজর উদ্দিন ভূঁইয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বহুলী গ্রামের একটি জানাজায় অংশ নিতে যান আব্দুল বারেক। জানাজা শেষে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল বারেক ঘাগড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা কারাবন্দি থাকায় পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য আব্দুল বারেককে প্যানেল চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।

গত ৫ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে তাঁকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়।

জানাজায় অংশ নেওয়া স্থানীয়রা বলেন, আব্দুল বারেকের শেষ বিদায়ে বিপুল মানুষের উপস্থিতি তাঁর প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। জানাজায় মানুষের ঢল নামায় আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত