ভারতে অনুপ্রবেশের চেষ্টায় জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আটক
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ দুপুর

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
আজ দুপুরে বিজিবি এক সংবাদ বিজ্ঞাপ্তি জানায় রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জের সীমান্তবর্তী মোংলামবস্তি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি।
আটক ব্যক্তি সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪)। তিনি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ২০১৬ সাল থেকে চুক্তিভিত্তিকভাবে নির্বাচন অফিসে কর্মরত এবং বর্তমানে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজিবি জানায়, সংশ্লিষ্ট নির্বাচন অফিসে যোগাযোগ করে জানা গেছে, সুশান্ত প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত জানান, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে গিয়ে একটি হোটেলে অবস্থান করেন। পরে এক দালালের সহায়তায় সুযোগ বুঝে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নামে দুটি এনআইডি কার্ড, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল ও ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার করা পরিচয়পত্র ও অন্যান্য নথিপত্র যাচাই করা হচ্ছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।







