রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: এমপি ফয়সল


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ দুপুর

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, চা শ্রমিকরা দেশের অর্থনীতি ও চা শিল্পের গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনমান উন্নয়ন ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
 
শনিবার(১৯শে সেপ্টেম্বর)  দুপুরে চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি ফয়সল বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও চা শ্রমিকরা বাগানে কাজ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে সরকার বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন উপকরণ ও সহায়তা সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
 
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক কাঠামো ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও জনকল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজসহ প্রশাসনের কর্মকর্তা ও চা শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এর আগে সকালে ডেঙ্গু প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এমপি ফয়সল। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত