মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

শেরপুরে পুকুরে ভাসছিলো যুবকের মরদেহ 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ দুপুর

শেরপুরের শ্রীবরদীতে পুকুর থেকে কালু মিয়া (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার সঙ্গে মাছ ধরতে বের হওয়া বাদশা মিয়া (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের নলিয়ারপাড় এলাকার হাশেম হাজির পুকুরে ভাসমান অবস্থায় কালু মিয়ার মরদেহ দেখতে পান স্থানীয়রা। 

পরে খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত কালু মিয়া কুড়িকাহনীয়া কালীবাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একই এলাকার কমলউদ্দিনের ছেলে বাদশা মিয়াকে আটক করা হয়েছে।

নিহতের বাবা মন্টু মিয়া জানান, রোববার সকালে মাছ ধরার কথা বলে কালু তার সঙ্গে বাদশা মিয়াকে নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে কালুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে তারা জানতে পারেন, নলিয়ারপাড় এলাকার হাশেম হাজির মাছের পুকুরে কালুর মরদেহ ভাসছে।

এদিকে খবর পেয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত