পূর্বধলার ঘাগড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল বারেক (রুপা মিয়া) আর নেই
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৩ নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল বারেক (রুপা মিয়া) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হৃদ্রোগজনিত সমস্যায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। তিনি ঘাগড়া ইউনিয়নের বহুলী (বানেরকান্দা) গ্রামের মৃত নজর উদ্দিন ভূঁইয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বহুলী গ্রামের একটি জানাজায় অংশ নিতে যান আব্দুল বারেক। জানাজা শেষে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা নামাজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘাগড়া ইউনিয়নের বহুলী বাজার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল বারেক ঘাগড়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা কারাবন্দি থাকায় পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য তাকে প্যানেল চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।
গত ৫ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে মো. আব্দুল বারেককে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।
তার মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।



_medium_1790052482.jpg)



