শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

মাধবপুরে ৫ হাজারের বেশি কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ১৮ জুলাই ২০২৬, ১২:০৪ রাত

হবিগঞ্জের মাধবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২/২০২৬-২৭ মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে।
 
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বচ্ছতা হলরুমে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় মোট ২ হাজার ৪০০ জন কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন বিভিন্ন জাতের শাকসবজির বীজ বিতরণ করা হয়।
 
এছাড়া ৩৫০ জন কৃষককে মোট ১ হাজার ৭৫০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা, প্রতিজনকে ২৫ কেজি জৈব সার এবং একটি করে বাঁশের খুঁটি প্রদান করা হয়। আরও ৪৫ জন কৃষকের মধ্যে লেবুর চারা ও জৈব সার বিতরণ করা হয়।
 
এছাড়া ২ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে উফশী রোপা আমন ধানের ৫ কেজি করে বীজ, ডিএপি সার ও এমওপি (এমপি) সার বিনামূল্যে বিতরণ করা হয়, যাতে চলতি মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধি পায়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সালের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি রাষ্ট্রীয় কাজে ঢাকায় অবস্থান করায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। পরে মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান কৃষকদের হাতে বীজ, সার ও চারা তুলে দেন।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন চক্রবর্তী, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপকারভোগী কৃষকসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরকারের এ সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক ও লাভজনক কৃষি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও কৃষকদের সহায়তায় এ ধরনের প্রণোদনা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত