রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন পূর্বধলার তানজিল


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ২১ জুন ২০২৬, ০৪:১০ দুপুর

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নেত্রকোণার পূর্বধলা উপজেলার কৃতি সন্তান তানজিল আহমেদ তালুকদার। গত ১৮ জুন কেন্দ্রীয় ছাত্রদলের প্রকাশিত ময়মনসিংহ মহানগর ছাত্রদলের বর্ধিত কমিটি থেকে এ তথ্য জানা যায়।

এর আগে প্রায় এক বছর আগে ঘোষিত আনন্দ মোহন কলেজ ছাত্রদলের আংশিক কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান। বর্তমানে তিনি ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

ক্যাম্পাসে তিনি একজন সুবক্তা, সাংগঠনিক দক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ছাত্রনেতা হিসেবে পরিচিত। শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় এ ছাত্রনেতা তার বিনয়ী ও নম্র আচরণের কারণে শিক্ষক-কর্মচারীদের কাছেও সুনাম অর্জন করেছেন। তার এ অর্জনে পূর্বধলা উপজেলার সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাঙ্গন ও রাজনৈতিক মহলে আনন্দের সাড়া পড়েছে।

পড়াশোনা ও রাজনীতির পাশাপাশি তানজিল আহমেদ তালুকদার একজন দক্ষ বিতার্কিক হিসেবেও পরিচিত। জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় তিনি শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। এছাড়া এটিএন বাংলার “ডিবেট ফর ডেমোক্রেসি” ছায়া সংসদ বিতর্কে আনন্দ মোহন কলেজ বিতর্ক দলের নেতৃত্ব দিয়ে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বর্তমানে তিনি আনন্দ মোহন কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও নেত্রকোণা জেলার ১০ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “নেত্রকোণা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, আনন্দ মোহন কলেজ”-এর সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি।

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তানজিল আহমেদ তালুকদার কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “একজন দেশপ্রেমিক শিক্ষার্থী হিসেবে সংকট, সংগ্রাম ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে এবং বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল থেকে অর্পিত দায়িত্ব সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আপসহীন মনোভাব নিয়ে পালন করার চেষ্টা করব। সকলের দোয়া কামনা করছি।”

উল্লেখ্য, তানজিল আহমেদ তালুকদারের গ্রামের বাড়ি নেত্রকোণার পূর্বধলা উপজেলার আগিয়া গ্রামে। তার পিতা মো. রুহুল আমিন তালুকদার মাস্টার উপজেলা বিএনপির একজন সদস্য এবং ৭ নম্বর আগিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। তানজিল তার বাবা-মায়ের কনিষ্ঠ সন্তান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত