পূর্বধলায় আগুনে পুড়ল দুই দোকান, ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ মে ২০২৬, ১০:৪২ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলার মেঘশিমুল নতুন বাজারে গভীর রাতে আগুন লেগে দুটি মুদির দোকান পুড়ে গেছে। এতে দোকান দুটির মালামালসহ প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল নতুন বাজারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মেঘশিমুল মধ্যপাড়া গ্রামের মো. রুবেল মিয়া ও শামিম খান।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দোকানে থাকা ফ্রিজ, মোটরসাইকেলসহ মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পাশের পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী জানান, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল ও সম্পদ পুড়ে গেছে। তারা ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ করে উপজেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় সহযোগিতা ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।







