রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ : মির্জা আব্বাস


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৭ মার্চ ২০২৬, ০১:৪০ দুপুর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশে বলেছেন, ‘মুরুব্বিরা শিক্ষা দেয়- মিথ্যা বলা মহাপাপ। সুতরাং মিথ্যা বলো না।’ 

তিনি বলেন, ‘কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে তার বদনাম করা বড় পাপ। এই পাপ থেকে দয়া করে নিজে দূরে থাকুন এবং আমাদেরকেও দূরে রাখুন।’

আজ শুক্রবার বিকেলে রমনা থানা বিএনপির উদ্যোগে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রমনা থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা আব্বাস বলেন, ‘আমার এলাকায় নির্বাচনে ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেতে পারে না। ঢাকা-৮ আসনের একটি ওয়ার্ডে আপনার কোন আত্মীয় আছে যে আপনাকে ভোট দিয়েছে, তা বলতে পারবেন না। আর আমি মির্জা আব্বাস নাম ধরে বলে দেবো কারা কারা আমাকে ভোট দিয়েছে।’ 

তিনি বলেন, ‘আমরা রাতের বেলায় কয়েকটি স্কুলে ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোট রক্ষা করেছি। তা না হলে সব কেন্দ্র সিল মেরে নিয়ে যেতেন। অদ্ভুত কায়দায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন। চাপিয়ে দিচ্ছেন বিএনপির ওপরে।’

মির্জা আব্বাস বলেন, ‘আমার এলাকায় হারার ইতিহাস নেই। আওয়ামী লীগের আমলে নির্বাচন হয়নি, সেটি সবাই জানে। আমি কোন জায়গায় কত ভোট পেলাম, সেটি আপনাদের দেখার বিষয় নয়। এ এলাকায় আমার বন্ধু, আত্মীয়-স্বজন আছে। সুতরাং আমার ভোটের অভাব নেই।’

তিনি বলেন, ‘আমার কথা হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করে আপনারা এত ভোট কীভাবে পেলেন? সেটি আজ জাতির সামনে আমার প্রশ্ন। আমি প্রমাণ করতে পারব আপনারা কারচুপি করেছেন।’

সূত্র: বাসস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত