ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত
আরবান ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১০:১৪ দুপুর

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এবং দেশটির একাধিক আধা-সরকারি সংবাদ সংস্থা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
রোববার সকালে আইআরআইবি-র বিশেষ বুলেটিনে জানানো হয়, ইরানের সর্বোচ্চ নেতা “শাহাদাত বরণ করেছেন”। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সমন্বিত হামলা চালায়। হামলার সময় খামেনি রাজধানী তেহরানের একটি অত্যন্ত সুরক্ষিত স্থানে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠকে ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে খামেনির মৃত্যুর দাবি করেন। পরবর্তীতে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত করেন যে ওই হামলায় খামেনিসহ তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীও নিহত হন।
নিহতদের মধ্যে ইরানের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী শামখানি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার মোহাম্মদ পাকপোরের নাম উল্লেখ করা হয়েছে। হামলাটি খামেনির তেহরানের উচ্চ নিরাপত্তাবেষ্টিত কম্পাউন্ডে চালানো হয়, যা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, হামলায় খামেনির বাসভবন ও আশপাশের স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এ হামলায় শক্তিশালী বাংকার-বাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে, যা ভূগর্ভস্থ সুরক্ষিত স্থাপনাও ধ্বংস করতে সক্ষম।
এই ঘটনার পর ইরানজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং দেশটিতে শোক পালন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এই হামলার জবাবে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি ও উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে।







