সাংবাদিকদের সম্মানে পূর্বধলায় শহীদুল্লাহ্ ইমরানের ইফতার মাহফিল
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ রাত

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ ইমরানের উদ্যোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) স্টেশন বাজার সংলগ্ন দেওটোকোন রোডে তার নিজ বাসভবনে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো: জায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, ‘আজকের আরবান’-এর প্রকাশক ও সম্পাদক এবং পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম, প্রেসক্লাবের সাবেক সভাপতি জুলফিকার আলি শাহিন, দৈনিক আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি শফিকুল আলম শাহীন, দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি তৌফিদ কবির রাসেল, এনটিভি অনলাইন প্রতিনিধি এমএম ওয়াদুদ, মানবজমিন-এর প্রতিনিধি জুবায়ের হোসেন বাচ্চু, দৈনিক মাটি ও মানুষ-এর প্রতিনিধি নুরুল ইসলাম, আজকের আরবান স্টাফ রিপোর্টার নাহিদ আলম, ভোরের সময় অনলাইন প্রতিনিধি শাহীন খন্দকার, ইকরা প্রতিদিন-এর প্রতিনিধি আল-আমিন শেখ, দৈনিক অধিকরণ-এর প্রতিনিধি নুরে আলম চন্দ্রনসহ স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

আয়োজক শহীদুল্লাহ্ ইমরান বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখে। তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও জনগণের বাস্তব চিত্র তুলে ধরা সম্ভব। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাংবাদিকদের লেখনির মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

শহীদুল্লাহ্ ইমরান আরও বলেন, পূর্বধলা উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক অগ্রগতিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখবেন এবং উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করবেন।

উপস্থিত সাংবাদিকরা এ ধরনের আয়োজনের জন্য শহীদুল্লাহ্ ইমরানের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, সাংবাদিকদের সম্মানে এমন উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
এ সময় সাংবাদিকরা আশ্বস্ত করেন, উপজেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে তারা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। পাশাপাশি পূর্বধলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে গঠনমূলক সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পূর্বধলা উপজেলা সদর স্টেশন মসজিদের ইমাম ইসলাম উদ্দিন।
এ সময় পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুন, সহকারী শিক্ষক আব্দুস সালাম মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদ আলী সরকার, হাজী আব্দুর গনি, এম এ মান্নান, শেখ আব্দুর রাশিদ এবং যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

_medium_1772208260.jpg)





