শেরপুরে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ রাত

শেরপুরের নকলায় ১নং গণপদ্দী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আফজাল হোসেন বাবু’র উপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে নকলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন নকলা উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ।
এর আগে শহরের হলপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর পদক্ষেপ করা হয়।
মানববন্ধনে নকলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুরাদুজ্জামান মাসুম, যুগ্ম আহবায়ক দেওয়ান গোলাম মামুন ও গণপদ্দী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মহিলা মেম্বার হাজেরা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিএনপির, যুবদল ও বিভিন্ন অঙ্গদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি রাতের বেলা ওই যুবদল নেতা আফজাল হোসেন বাবু বাড়ি থেকে পার্শ্ববর্তী মুন্সির বাজার এলাকায় গেলে ৬/৭ জনের আওয়ামী সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ এবং সর্বশেষ ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

_medium_1772208260.jpg)





