পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন ছাত্রীদের উদ্বোধনী ক্লাস
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ বিকাল

নেত্রকোনার পূর্বধলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন ছাত্রীদের উদ্বোধনী ক্লাস ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু রায়হান রফিকুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. ছাইয়েদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. আনোয়ারুল হক, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বরুণ কুমার চক্রবর্তী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ তালুকদার, অর্থনীতি বিভাগের প্রভাষক সাবিহা সাওদা প্রমুখ।

এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন ছাত্রীরা উপস্থিত ছিলেন। নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম নবীন ছাত্রীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য সময়ের সদ্ব্যবহার করে মনোযোগ দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেন তিনি।

প্রধান আলোচক অধ্যক্ষ রাবেয়া আলী নবীন ছাত্রীদের কলেজে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে নিয়মিত ক্লাসে উপস্থিতি, অধ্যবসায় ও শৃঙ্খলা বজায় রেখে নিজেদের যোগ্য করে তুলতে হবে। ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি নবীন ছাত্রীদের প্রতি আহ্বান জানান।







