শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় লাইসেন্স ছাড়াই সার বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা; জব্দ ৫৩ বস্তা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ রাত

নেত্রকোনার পূর্বধলায় অনুমোদনহীনভাবে সার বিক্রির অভিযোগে একটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকান থেকে ৫৩ বস্তা সার জব্দ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের জামধলা বাজারে মেসার্স মন্ডল ট্রেডার্স নামের একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদনহীনভাবে সার বিক্রির অভিযোগে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারায় দোকানের প্রোপ্রাইটর আরিফুল ইসলাম (৪৫)-কে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানকালে দোকান থেকে বিভিন্ন ধরনের ৫৩ বস্তা সার জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, পূর্বধলা থানার এসআই হাবিবসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জব্দ করা সারের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্টদের অনুমোদন নিয়ে এবং প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। অনুমোদনহীনভাবে সার বিক্রি বা মজুতের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কৃষকদের স্বার্থে সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত