শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় ফিজিশিয়ান স্যাম্পল রাখায় দুই মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ বিকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলা হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি মেডিকেল হলকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হাজী মেডিকেল হল ও বিসমিল্লা মেডিকেল হল-এ ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ পাওয়া যায়। পরে উভয় প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানকালে নেত্রকোণা ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক শামিম হোসেন ও তার টিম উপস্থিত ছিলেন।

এ সময় ব্যবসায়ীদের ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি, বিক্রয়ের উদ্দেশ্যে মজুত বা প্রদর্শন না করার বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের ক্ষেত্রে প্রচলিত আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ সাধারণভাবে বিক্রয়ের জন্য নয়। এ ধরনের ওষুধের অননুমোদিত বিক্রি বা মজুত যাতে না হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। আইন অমান্য করে এ ধরনের ওষুধ বিক্রি বা সংরক্ষণ করা হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত