বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

হবিগঞ্জ বিজিবি  মাধবপুরে ৬০ লাখ টাকার গর্জন কাঠ জব্দ, কাভার্ড ভ্যান জব্দ


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ২২ জুলাই ২০২৬, ১০:২৫ দুপুর

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের অবৈধ গর্জন কাঠ ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। সীমান্তবর্তী সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ পাচার প্রতিরোধে পরিচালিত এ অভিযানে কাঠগুলো পাচারের সময় উদ্ধার করা হয়।

আজ রাত ৯ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায় সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জগদীশপুর এলাকায় বিজিবি চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। এ সময় একটি কাভার্ড ভ্যানে করে কাঠ পরিবহনের চেষ্টা করা হলে টহল দলের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ গর্জন কাঠ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত কাঠ ও কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত বনজ সম্পদ সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তসংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় বিজিবি কোনো ধরনের ছাড় দেবে না। বিশেষ করে সাতছড়ি ও রেমা-কালেঙ্গাসহ সংরক্ষিত বনাঞ্চল সুরক্ষায় আমরা আরও কঠোর অবস্থানে থাকব। দেশের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) মো. মোবারক হোসেন বলেন, জব্দকৃত গর্জন কাঠ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রচলিত বন আইন ও বিধিমালা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচার দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় ৫৫ বিজিবির এ ধরনের অভিযান প্রশংসনীয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত