সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

আগিয়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি শাকিল হায়াত খান বাদশার


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৮ বিকাল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৭ নং আগিয়া ইউনিয়নে নির্বাচনী আমেজ দিন দিন বাড়ছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ইউনিয়নের বিভিন্ন এলাকা। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক শাকিল হায়াত খান বাদশা।

শাকিল হায়াত খান বাদশার বাড়ি আগিয়া ইউনিয়নের বাট্রা গ্রামে। তিনি বর্তমানে পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নেত্রকোনা জেলা যুবদলের তথ্য ও বিজ্ঞানপ্রযুক্তি বিষয়ক সম্পাদক, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং আগিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

পারিবারিকভাবেও তিনি একটি শিক্ষিত ও ঐতিহ্যবাহী পরিবারের সদস্য। তার বাবা মৃত শিকান্দার হায়াত খান মঞ্জু সাবেক পূর্বধলা জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দাদা আব্দুর রহমান খানও একই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তার নানা ছিলেন মুক্তিযুদ্ধে সংগঠক ও সংবিধানের স্বাক্ষরকারী পূর্বধলার সাবেক সংসদ সদস্য নাজমুল হুদা।

স্থানীয়দের ভাষ্য, নির্বাচনের আগে নয়, দীর্ঘদিন ধরেই শাকিল হায়াত খান বাদশা এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন। করোনাকালে অসহায় মানুষের সহযোগিতা, বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো, কাঁচা রাস্তা সংস্কার, নতুন সড়ক নির্মাণে উদ্যোগ গ্রহণ এবং অবহেলিত এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি কাজ করেছেন বলে দাবি করেন এলাকাবাসী।

এছাড়া দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পেতে সহায়তা, মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা এবং অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তায়ও তিনি নিয়মিত ভূমিকা রাখছেন বলে স্থানীয়রা জানান।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিল হায়াত খান বাদশা বলেন, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে আগিয়া ইউনিয়নের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করবেন। তাঁর অগ্রাধিকার থাকবে টেকসই রাস্তাঘাট নির্মাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শিক্ষার প্রসার এবং তরুণ সমাজকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে মুক্ত রাখা।

তিনি বলেন, "পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে আগিয়া ইউনিয়ন দীর্ঘদিন ধরে উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে অবহেলিত। এই ইউনিয়নের মানুষ তাদের ন্যায্য সেবা থেকে বঞ্চিত হয়েছেন। আমি সবসময় ইউনিয়নবাসীর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।"

তিনি আরও বলেন, "আমি আগিয়া ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। জনগণ আমাকে নির্বাচিত করলে জবাবদিহিমূলক, স্বচ্ছ ও সেবামুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। ইউনিয়নের প্রতিটি মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।"

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা ও জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে শাকিল হায়াত খান বাদশা ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি অন্যতম আলোচিত সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন বলেও তাদের অভিমত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত