বিশ্বকাপ ফাইনাল আজ: আর্জেন্টিনা-স্পেন মহারণ ঘিরে পূর্বধলায় উৎসবের আমেজ
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৪ বিকাল

ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই আজ। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় পরাশক্তি স্পেন। এই মহারণকে ঘিরে বিশ্বের মতো নেত্রকোনার পূর্বধলা উপজেলাজুড়েও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
উপজেলার বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। মোড়ে মোড়ে চলছে স্ক্রিন স্থাপনের প্রস্তুতি। কোথাও কোথাও দর্শকদের জন্য ভুড়িভোজের আয়োজনও করা হয়েছে। বিশেষ করে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। প্রিয় দলের টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ঘিরে তাদের মধ্যে বাড়তি উত্তেজনা বিরাজ করছে।
ফাইনালে একদিকে থাকছেন কিংবদন্তি লিওনেল মেসি, যার লক্ষ্য টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা ধরে রাখা। অন্যদিকে তরুণ তারকা লামিন ইয়ামালকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন।
বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা ও স্পেন এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল। ১৯৬৬ সালের সেই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে জয় পেয়েছিল। প্রায় ৬০ বছর পর এবার প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে (ফিফার অফিসিয়াল নাম: নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। প্রায় ৮২ হাজার ৫০০ দর্শক স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগ করবেন। ম্যাচ পরিচালনা করবেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা প্রথম স্লোভেনিয়ান রেফারি হিসেবে তিনি নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন।
আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা ও স্পেন এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে। দুই দলই জয় পেয়েছে ৬টি করে ম্যাচে, আর বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে। ফলে পরিসংখ্যানেও দুই দলের লড়াই সমান সমানে।
ফুটবল বিশ্লেষকদের মতে, এটি শুধু দুই দেশের লড়াই নয়; বরং এক প্রজন্মের কিংবদন্তি লিওনেল মেসি ও নতুন প্রজন্মের বিস্ময়বালক লামিন ইয়ামালের প্রতীকী দ্বৈরথও। বিশ্ব ফুটবলের নতুন ইতিহাসের সাক্ষী হতে তাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কোটি কোটি ফুটবলপ্রেমী।
পূর্বধলার ক্রীড়াপ্রেমীরাও সেই অপেক্ষার প্রহর গুনছেন। কে জিতবে বিশ্বকাপের সোনালি ট্রফি-আর্জেন্টিনা নাকি স্পেন, তার উত্তর মিলবে আজকের মহারণেই।







