পূর্বধলায় ২৬৫ কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৫:৫১ বিকাল

সারা দেশের ন্যায় নেত্রকোনার পূর্বধলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২৬৪টি ইপিআই কেন্দ্র ও একটি স্থায়ী কেন্দ্রে একযোগে এ কর্মসূচি পরিচালিত হয়।
এবারের ক্যাম্পেইনে উপজেলার ৪২ হাজার ৯৯০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
সকালে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ১৩ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচির লক্ষ্য শিশুদের ভিটামিন ‘এ’-এর ঘাটতি পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত জটিলতা কমানো এবং সুস্থ বিকাশ নিশ্চিত করা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. বিশ্বপ্রিয় মজুমদার, স্বাস্থ্য পরিদর্শক মতিউর রহমানসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইন চলাকালে নেত্রকোনা জেলার সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা নাঈম (নঈম) পূর্বধলার কয়েকটি টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল হক এবং সিভিল সার্জন কার্যালয়ের আইটি ম্যান মো. বাহা উদ্দিন।
পরিদর্শনকালে ক্যাম্পেইনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।




_medium_1782635024.jpg)

_medium_1782634775.jpg)
