পূর্বধলায় এসি ক্লাবের ৯৬ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৯:১৯ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার আমতলায় ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন এসি ক্লাবের ৯৬ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১১ সদস্যের স্থায়ী সদস্য ও ৫০ সদস্যের সম্মানিত সদস্যের তালিকাও প্রকাশ করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের আমতলার ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন করা হয়।
ক্লাব সূত্রে জানা যায়, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকায় খেলাধুলার প্রসার, তরুণদের মাদকবিরোধী কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ পরিচালনা করে আসছে।
নতুন কমিটিতে মো. ফাহাদ হোসেন তালুকদার সভাপতি এবং আমিনুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ১৭ জনকে সহসভাপতি, ১২ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব দেওয়া হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০ জন।
গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে অর্থ সম্পাদক হয়েছেন জহিরুল ইসলাম রিয়াদ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সজিব, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান (ইমু), সংস্কৃতি সম্পাদক মো. নাজমুল হুদা, প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত টিপু, মিডিয়া সম্পাদক তামজিদ হাসান রিফাত, শিক্ষা সম্পাদক জোবায়ের আহমেদ সোহাগ এবং স্বাস্থ্য সম্পাদক শোভন কাদের জয়।
কার্যকরী কমিটির পাশাপাশি ১১ সদস্যের স্থায়ী সদস্যদের মধ্যে রয়েছেন কে.বি.এম. সুমন শাহরিয়ার, কে. আর. জামান, মো. আশিকুর রহমান আশিক, মো. আনিসুর রহমান রুবেল, কে.বি.এম. নোমান শাহরিয়ার ও মো. সাদরুল আমীন সোহেল। এছাড়া এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে ৫০ সদস্যের সম্মানিত সদস্যের তালিকাও প্রকাশ করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মো. ফাহাদ হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক আমিনুল হক এক যৌথ বিবৃতিতে বলেন, যুবসমাজকে মাদক, কিশোর অপরাধ ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই তাদের প্রধান লক্ষ্য। ক্লাবের ঐতিহ্য ধরে রেখে আগামী দিনে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ করা হবে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির মাধ্যমে এসি ক্লাব এলাকার ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবে।







