শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৬ জুন ২০২৬, ০৪:৪৫ দুপুর

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া বাজার এলাকায় নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগ নেতা আমানুর রশিদ খান জুয়েলের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান আকাশ, পিয়াস মীর ও হিমু তালুকদার। মিছিলে প্রায় শতাধিক উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা গ্রেপ্তার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দ্রুত মুক্তির আহ্বান জানান।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত