শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে পূর্বধলায় বিএনপির বিক্ষোভ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৫ জুন ২০২৬, ০৯:৪০ রাত

নেত্রকোণার পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অস্থিরতা ও নাশকতার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্বধলা বাজারের স্টেশন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরান।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকার, এম এ মান্নান, শেখ মো. আব্দুর রাশিদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ডানো, জাহাঙ্গীর আলম তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের ১ নম্বর সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. উজ্জ্বল মিয়া প্রমুখ।

এ এস এম শহীদুল্লাহ ইমরান বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়েছে। বর্তমানে দেশ এগিয়ে যাচ্ছে। পূর্বধলায় আওয়ামী লীগকে কোনো ধরনের মিছিল-মিটিং করতে দেওয়া হবে না। কেউ এ ধরনের কর্মসূচি পালনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি পূর্বধলায় জামায়াতে ইসলামীর ভূমিকারও সমালোচনা করেন। তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ের আগে ও পরে আওয়ামী লীগবিরোধী আন্দোলনে দলটির কোনো দৃশ্যমান ভূমিকা ছিল না। উপজেলায় আওয়ামী লীগের বিরুদ্ধে তারা কোনো প্রতিবাদ কর্মসূচিও পালন করেনি বলে তিনি দাবি করেন।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বধলা উপজেলায় কোনো ধরনের মিছিল, সমাবেশ বা কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তারা বলেন, পূর্বধলা উপজেলা বিএনপি এ এস এম শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে আগামী ৩০ জুন পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে। একই সঙ্গে বিএনপি সুসংগঠিত রয়েছে বলেও তারা দাবি করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজিম উদ্দিন তালুকদার আরশাদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত