রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় ঝটিকা মিছিলের ঘটনায় ৮০ জনের নামে মামলা, গ্রেপ্তার ৩


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৭ জুন ২০২৬, ১১:০১ রাত

নেত্রকোণার পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৮০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতসহ আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। 

এ মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক সহসভাপতিসহ যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, গতকাল শুক্রবার (২৬ জুন) ভোরে উপজেলার নারান্দিয়া বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোসলেম উদ্দিন ফকির বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।

মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ ৮০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আজাহারুল ইসলাম (৩০), সাবেক বিশকাকুনি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল করিম (৪৪) এবং নারান্দিয়া ইউনিয়নের পাইলাটি গ্রামের যুবলীগকর্মী আনোয়ার হোসেন তালুকদার (২৮)।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত