রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় জব্দ ৭ বালুবাহী ট্রাকচালককে জরিমানা, কাগজ যাচাই শেষে ছাড়ল জব্দ ট্রাক


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৭ জুন ২০২৬, ০৭:১৪ বিকাল

নেত্রকোণার পূর্বধলায় ধারণক্ষমতার অতিরিক্ত বালু বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার পর জব্দ করা সাতটি বালুবাহী ট্রাক বৈধ কাগজপত্র যাচাই শেষে ছেড়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৭ জুন) বিকেলে প্রয়োজনীয় নথি যাচাই করে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়। এর আগে গতকাল শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে শ্যামগঞ্জ–বিরিশিরি সড়কের পূর্বধলা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে বালু ও পাথরবোঝাই সাতটি ট্রাক আটক করে পূর্বধলা থানা-পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮৬ ধারায় অতিরিক্ত বোঝাইয়ের দায়ে সাত ট্রাকচালককে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ট্রাকচালকেরা হলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দিলীপ চন্দ্র গোপ (৫১), নেত্রকোণার দুর্গাপুর উপজেলার শামসুল হক (৪৫), রেজওয়ান মাহমুদ সামী ওরফে লাদেন (২১), সাইদুল ইসলাম (২৮), ওবায়দুল হক (২৪), ইয়াসিন (২২) ও আকিক (১৯)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অতিরিক্ত বোঝাইয়ের পাশাপাশি পরিবহন করা বালু ও পাথর বৈধভাবে উত্তোলন করা হয়েছে কি না, তা যাচাইয়ের জন্য ট্রাকগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাখা হয়। পরে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হলে সেগুলো যাচাই করে বালু ও পাথরের বৈধতা নিশ্চিত হয়। এরপর শনিবার বিকেলে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়।

সংযুক্ত সরকারি নথি অনুযায়ী, প্রকাশ্য নিলামের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বালুর সঙ্গে উপজাত (By Product) হিসেবে উত্তোলিত নুড়ি পাথর ও সাধারণ পাথর বিক্রয়ের অনুমতি পায়। নিলামের শর্ত অনুযায়ী সরকারি কোষাগারে নির্ধারিত অর্থ জমা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে এসব পাথর অপসারণের অনুমতি দেওয়া হয়। ওই নথির ভিত্তিতেই আটক ট্রাকগুলোর বহন করা বালু ও পাথরের বৈধতা নিশ্চিত হয়।

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, অতিরিক্ত বোঝাই করে বালু পরিবহনের দায়ে ট্রাকগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবহন করা বালুর বৈধতা নিয়ে সন্দেহ থাকায় সেগুলো যাচাইয়ের জন্য আটক রাখা হয়েছিল। পরে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর বালু বৈধ বলে নিশ্চিত হওয়ায় ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পাঁচটি বড় ট্রাককে ২০ হাজার টাকা করে এবং দুটি মিনি ট্রাককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বালু পরিবহন ও সড়কে অতিরিক্ত বোঝাই যান চলাচল রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত