পূর্বধলায় দিনে বেলায় টোকাই ছদ্মবেশে ঘরের বেড়া কেটে দুর্ধর্ষ চুরি, ১২ লাখ টাকার মালামাল লুট
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১০:১১ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় দিনের দুপুরে টোকাই ছদ্মবেশে বসতঘরে প্রবেশ করে পরিকল্পিতভাবে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
ভুক্তভোগী বিপুল কুমার বনিক (৩১) উপজেলার গার্লস স্কুল রোড এলাকার বাসিন্দা। তিনি জানান, গত ১৬ এপ্রিল সকাল ৮টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে ময়মনসিংহ যান। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাড়িতে ফিরে ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে দেখেন, আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

পরে পাশের কযেকটি প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুপুর ১টা ১৩ মিনিটের দিকে টোকাই বেশে এক পুরুষ ও দুই নারী খালি বস্তা নিয়ে ঘরে প্রবেশ করে। প্রায় ২০ মিনিট পর তারা তিন বস্তা মালামাল নিয়ে বের হয়ে যায়। এরপর দুপুর ১টা ৪০ মিনিটের দিকে একই তিনজন পুনরায় ঘরে ঢুকে দীর্ঘ সময় অবস্থান করে এবং সন্ধ্যার কিছু আগে বেরিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে, ঘরের ওয়্যারড্রব, স্টিলের আলমারি ও খাটের ড্রয়ার ভাঙা অবস্থায় রয়েছে। ভুক্তভোগীর দাবি, তার ঘর থেকে নগদ ১ লাখ ২৫ হাজার টাকা, প্রায় চার ভরি স্বর্ণালংকার, কাঁসা-পিতলের বাসনপত্র, কাপড়সহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।

জানা গেছে, চোরেরা রান্নাঘরের পশ্চিম পাশের টিন কেটে ঘরে প্রবেশ করে। চোরচক্রটি পরিকল্পিতভাবে দিনের বেলা, বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে একাধিকবার ঘরে ঢুকে মালামাল সরিয়ে নেয়, যা তাদের সংঘবদ্ধ ও পেশাদার চক্র হওয়ার ইঙ্গিত দেয়।
ভুক্তভোগী বিপুল কুমার বনিক বলেন, “আমরা বাড়িতে না থাকার সুযোগে পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটানো হয়েছে। আমার যা ছিল, প্রায় সবকিছুই নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজে তাদের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। তিনজন টোকাই বেশে বস্তা নিয়ে প্রবেশ করে।” তিনি আরও দাবি করেন, এটি একটি সংঘবদ্ধ চোরচক্র এবং স্থানীয় একটি চক্রের সহযোগিতায় তাদের এনে এ চুরি সংঘটিত করা হয়েছে।

তিনি জানান, গত এক সপ্তাহে গার্লস স্কুল রোড এলাকায় মোটর, মসজিদের মাইক ও ব্যাটারি চুরির ঘটনাও ঘটেছে। এ চক্রকে ধরতে পারলে মূল হোতারা বেরিয়ে আসবে বলেও তিনি মনে করেন।
তিনি আরও দাবি জানান, সিসিটিভি ফুটেজে চোরদের চেহারা স্পষ্ট থাকায় দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
এলাকাবাসীর অভিযোগ, এর আগেও একই ধরনের চক্র দিনের বেলায় একাধিক চুরির ঘটনা ঘটিয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আজ ১৮ এপ্রিল দুপুরে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় ভুক্তভোগী পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত কার্যক্রম চলছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







