বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

কাপাশিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫২ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী কাপাশিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও বিদায়ী পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া করা হয়।

​মাদ্রাসার সুপার মাওলানা দৌলত আলী-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল কবীর পিয়াস, ঘাগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল বারেক রূপা, অভিভাবক সদস্য আমিনুল ইসলাম।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সম্মাননা প্রদান পর্ব, যা পরিচালনা করেন মাদ্রাসার সহ-সুপার মাওলানা আমিরুল ইসলাম। উক্ত পর্বে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ নির্বাচিত হওয়ায় সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক-কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া ২০২৪ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী আঃ রহমান এবং ২০২৬ সালের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল প্রাপ্ত শিক্ষার্থী নিশাত জাহানকে মেধা পদক প্রদান করা হয়।

সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুকের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক জনাব আব্দুস ছালাম। বিশেষ অতিথিবৃন্দের বক্তব্যে প্রতিষ্ঠানের সাফল্য ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন।

শিক্ষকদের পক্ষ থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাওলানা মাহমুদুল হাসান, শেখ ফরিদ ও আরমান রহমান। 

​সভাপতির বক্তব্যে মাওলানা দৌলত আলী বলেন, "বিদায়ী শিক্ষার্থীদের আগামীর পথচলা হোক সত্য ও সুন্দরের পথে। আমাদের প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুকের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন এবং শিক্ষার্থীদের ফলাফল মাদ্রাসার সুনামকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।"
​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ২২টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে মাওলানা আব্দুল কুদ্দুছের বিশেষ মোনাজাত ও প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আয়োজনের সার্বিক শৃঙ্খলায় নিয়োজিত ছিলেন সোহেল রানা, সোহরাব হোসাইন, তানভীর আহমেদ ও তৌফিকুল আলম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত