তারাকান্দায় পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে বিএনপি ও ১১ দলীয় জোটের মধ্যে সংঘর্ষ
এস এম হোসেন আলী
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৩ দুপুর
_original_1776225784.jpg)
ময়মনসিংহের তারাকান্দায় পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষ,পাল্টাপাল্টি অভিযোগ এবং বিক্ষোভ মিছিলের ঘটনায় দিনভর উত্তেজনা বিরাজ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)ও ১১ দলীয় জোটের মনোনীত ময়মনসিংহ-২(ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি মুহাম্মদুল্লাহর সমর্থকদের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দিনভর।
১৪ এপ্রিল সকাল ১০টার দিকে উপজেলা চত্বরে বিএনপি নেতাকর্মী এবং স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদুল্লাহর সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনায় এই উত্তেজনার সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিতি ও অবস্থানকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
ঘটনার পরপরই উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলতে থাকে এবং সাংবাদিকদ সম্মেলন করেন।ময়মনসিংহ উত্তর জেলা শাখার বিএনপি'র আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার দাবি করেন, তাদের নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থানকে লক্ষ করে কুরুচিপূর্ণ উক্তি করে এমপি মুহাম্মদুল্লাহর সমর্থকরা। অন্যদিকে এমপি মুহাম্মদুল্লাহর সমর্থকরা অভিযোগ করেন, সংসদ সদস্যকে লাঞ্ছিত করা হয়েছে।দিনভর উত্তেজনার এক পর্যায়ে তারাকান্দা সরকারি কলেজ রোড এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বিকালে। বিকাল ৪টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এমপি মুহাম্মদুল্লাহর সমর্থনে ১১ দলীয় জোটের লোকজন বিক্ষোভ মিছিল বের করে। এর প্রায় এক ঘণ্টা পর,বিকাল ৫টার দিকে একই সড়কে বিএনপির নেতাকর্মীরাও পাল্টা বিক্ষোভ মিছিল করে।এ ঘটনায় এলাকায় পুলিশী তৎপরতা বৃদ্ধি করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তাৎক্ষনিক এ বিষয়ে তারাকান্দা থানা ওসি জানান,মিছিল ও অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ রোধে থানা এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তারাকান্দা বাজার এলাকায় উত্তেজনা বিরাজমান ছিল।

_medium_1776579456.jpg)





