পূর্বধলায় পুকুরে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩১ দুপুর

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে পড়ে বাবর আজম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৯ নম্বর খলিশাউড় ইউনিয়নের লাঙ্গলজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবর আজম ওই গ্রামের শামীম মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পরিবারের অজান্তে বসতঘরের পেছনের একটি ছোট পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে শিশুটির ফুফু মিম ঘরের পেছনের পুকুরে পানির ওপর তার পরনের প্যান্ট ভাসতে দেখে সন্দেহ করেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







