পূর্বধলায় ডিজিটাল ফুয়েল কার্ডের আবেদন হাজার ছাড়াল
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১১:১০ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জ্বালানি তেল (পেট্রোল ও অকটেন) সরবরাহে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনের উদ্যোগে চালু হওয়া ‘ডিজিটাল ফুয়েল কার্ড’ কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে।
উপজেলা প্রশাসনের ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী, উপজেলার ১১টি ইউনিয়ন থেকে এ পর্যন্ত ১ হাজার ১৩৪ জন গ্রাহক অনলাইনে এ কার্ডের জন্য আবেদন করেছেন। এর মধ্যে পূর্বধলা সদর ইউনিয়নে সর্বোচ্চ আবেদন জমা পড়েছে। ধলামূলগাঁও, আগিয়া ও জারিয়া ইউনিয়নেও উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক নিবন্ধন করেছেন।
আজ শুক্রবার নতুন করে আরও ৩৪টি আবেদন জমা পড়েছে। প্রশাসন সূত্র জানায়, এখন পর্যন্ত কোনো আবেদন সরাসরি বাতিল করা হয়নি। তবে ৫ শতাধিক আবেদন বর্তমানে যাচাই-বাছাই ও প্রক্রিয়াকরণের মধ্যে রয়েছে।
উপজেলা প্রশাসন আগামী রোববার (১৯ এপ্রিল) এর মধ্যে সব বৈধ আবেদনকারীর মধ্যে ডিজিটাল ফুয়েল কার্ড বিতরণ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্যে যাচাই-বাছাইয়ের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। শুক্রবারেও সংশ্লিষ্ট কার্যালয়ে এ কার্যক্রম অব্যাহত ছিল।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ফুয়েল কার্ড চালু হলে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও ভোগান্তি কমবে। পাশাপাশি জ্বালানির সুষম বণ্টন নিশ্চিত হবে এবং কালোবাজারি ও অবৈধ মজুদ প্রতিরোধ করা সহজ হবে।







