রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
শিরোনাম

গাইবান্ধায় আকস্মিক ভারি বর্ষণে তলিয়ে গেল কৃষকের স্বপ্ন 


  আসাদুজ্জামান রুবেল

প্রকাশ :  ১৪ মার্চ ২০২৬, ১১:১৭ দুপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হঠাৎ নামা ভারি বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে কৃষকদের স্বপ্নের আলুক্ষেত।

শুক্রবার (১৩ মার্চ)ভোরে আকস্মিক এই বৃষ্টিপাতে উপজেলার শাখাহার ইউনিয়ন, রাজাহার ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের বিস্তীর্ণ আলুর জমিতে পানি জমে যায়। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।স্থানীয় কৃষকরা জানান, চলতি মৌসুমে আলুর ফলন ভালো হওয়ায় তারা বেশ আশাবাদী ছিলেন।

অনেকেই জমি থেকে আলু তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ভোরের আকস্মিক ভারি বর্ষণে মাঠে পানি জমে যাওয়ায় সেই আশায় এখন শঙ্কার ছায়া নেমে এসেছে। কৃষকদের আশঙ্কা, জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে আলু পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তারা। অনেক কৃষকই ঋণ ও ধারদেনা করে আলু চাষ করেছেন। ফলে ফসল নষ্ট হলে তাদের জীবন-জীবিকা মারাত্মক সংকটে পড়বে।ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি,দ্রুত জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাবে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

স্থানীয় কৃষকরা আরও বলেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দ্রুত জমি থেকে পানি সরিয়ে ফসল রক্ষা করা। অন্যথায় ভালো ফলনের আশায় করা তাদের দীর্ঘ দিনের পরিশ্রম ও বিনিয়োগ মুহূর্তেই নষ্ট হয়ে যেতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত