নেত্রকোণায় বজ্রপাতে কৃষক ও রাজমিস্ত্রীর মৃত্যু
মো: আরিফুল ইসলাম
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৫:০৯ বিকাল
_original_1773400087.jpg)
নেত্রকোণার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে দুই উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে কৃষক সুদিন সরকার (৪৩) এবং দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে রাজমিস্ত্রী আকাশ মিয়া (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়াজুরী উপজেলার নলসিটি হাওরে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন সুদিন সরকার। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে আশপাশের কৃষকেরা তাকে উদ্ধার করে দ্রুত খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামের রাজমিস্ত্রী আকাশ মিয়া কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে স্থানীয়রা ধানক্ষেতের পাশে তাকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায় এবং তার শরীরে বজ্রপাতে মৃত্যুর লক্ষণ পাওয়া গেছে।
নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুখময় সরকার জানান, ইতিমধ্যে দুইটি পরিবারকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং শুকনো খাবার দেওয়া হয়েছে।







