বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৮ রাত

নেত্রকোনার পূর্বধলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে গত সোমবার (১২ অক্টোবর) পূর্বধলা থানায় মামলা করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দুপুর আনুমানিক দুইটার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা।

এজাহারে বাদী অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তার বৃদ্ধা মায়ের বসতঘরের আশপাশে ঘোরাফেরা করতেন এবং বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। ঘটনার দিন দুপুরে তার মা ঘরে একা শুয়ে থাকা অবস্থায় অভিযুক্ত কৌশলে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ঘটনার সময় এক প্রতিবেশী ওই বৃদ্ধার সঙ্গে দেখা করতে এসে সন্দেহবশত ঘরে প্রবেশ করেন। এ সময় অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখে তিনি চিৎকার করেন। পরে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীর ভাষ্য অনুযায়ী, ঘটনার পর পারিবারিক ও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। পরে পরিবারের সদস্যদের পরামর্শে তিনি থানায় মামলা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার (১৩ অক্টোবর) জানান, ‘এ ঘটনায় মামলা রুজু হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত