ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অনিয়ম হলে ছাড় নয়: আবু তাহের তালুকদার
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ বিকাল

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারের তথ্য সংগ্রহের কাজ নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার। তিনি বলেছেন, তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব করা যাবে না। অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ সভাকক্ষে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকায় তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত কেন্দ্রীয় অবহিতকরণ সংবাদ সম্মেলনের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন সভায় অংশগ্রহণকারীরা।

আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এ কর্মসূচি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করতে হবে। এ জন্য তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা ব্যক্তিদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রতি আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম।
কেন্দ্রীয় সংবাদ সম্মেলনে ফ্যামিলি কার্ড কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সোমবার থেকে পরিবারের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এ কাজে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী ও ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে বিশেষায়িত ট্যাবলেটের মাধ্যমে পরিবারের তথ্য সংগ্রহ করবেন। আগামী ডিসেম্বরের মধ্যে আনুমানিক ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য ডেটাবেইজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা রয়েছে।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. শফিকুল ইসলাম নির্বাচিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সেলিম উদ্দিন, আহাম্মদ আলী সরকার, আনোয়ারুল ইসলাম আনার, সালাউদ্দিন আহমেদ নওয়াব, এমএ মান্নান, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার, উপজেলা প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালট্যান্ট ফাইজা বিনতে চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজু আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভা শেষে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য নির্বাচিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়।



_medium_1791803143.jpg)
_medium_1791802946.jpg)

_medium_1791802537.jpg)
