মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় জুয়ার আসর থেকে ৭ জন গ্রেপ্তার


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে তাস, জুয়া খেলার নগদ ৪ হাজার ৪৯০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজারে এ অভিযান চালানো হয়। নেত্রকোনা জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধলামূলগাঁও গ্রামের মাসুদ খান (৫৫) ও আব্দুল হান্নান (৪৩), দেবকান্দা গ্রামের জাহেদ আলী (৫৬), সারোয়ার আলম ওরফে বুলবুল (৪৬) ও আবুল কাশেম (৫০) এবং দশআশি গ্রামের ইমরান আহম্মেদ খান রিংকু (৫০) ও রইছ উদ্দিন (৪০)।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল জামধলা বাজারে অভিযান চালায়। এ সময় তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় সাতজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানঘরের মালিক তাইজ উদ্দিন (৪৫), রাশিদ মন্ডল (৪২) এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন পালিয়ে যান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ও ১৮ ধারায় পূর্বধলা থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত