পূর্বধলার হোগলা ব্র্যাক এরিয়া অফিসের উদ্যোগে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ ও উদ্যোক্তা প্রশিক্ষণ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৫:২৬ বিকাল

দরিদ্র ও প্রান্তিক পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নতুন উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ দিয়েছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার হোগলা ব্র্যাক এরিয়া অফিসে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাকের ২৮ জন সদস্যের মাঝে মোট ৭০০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়। প্রত্যেক সদস্যকে ২৫টি করে বাচ্চা দেওয়া হয়, যাতে তারা ক্ষুদ্র খামার গড়ে তুলে স্বাবলম্বী হতে পারেন।

বাচ্চা বিতরণের পাশাপাশি উপকারভোগীদের মুরগি পালন, সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, পুষ্টির চাহিদা পূরণ এবং টেকসই জীবিকায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হাসান। তিনি উপকারভোগীদের আধুনিক পদ্ধতিতে মুরগি পালনের বিভিন্ন দিক সম্পর্কে পরামর্শ দেন এবং প্রাণিসম্পদের চিকিৎসাসহ যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে মুরগি পালন করলে স্বল্প পুঁজিতে লাভজনক উদ্যোগ গড়ে তোলা সম্ভব। এতে একদিকে পরিবারের পুষ্টি নিশ্চিত হবে, অন্যদিকে অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হবে।”
হোগলা ব্র্যাক এরিয়া অফিসের এলাকা ব্যবস্থাপক সুচিত্রা ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোগলা শাখা ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম, ময়মনসিংহ-২ রিজিওনের রিজিওনাল কো-অর্ডিনেটর মো. আবদুল আউয়াল, আরবান কো-অর্ডিনেটর আবুল আরশাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে উপকারভোগীরা ব্র্যাকের এমন জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।







