বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় ব্র্যাকের উদ্যোগে ৩০ উদ্যোক্তার মাঝে ৬০০ মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১১ জুন ২০২৬, ০১:৪৮ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় দরিদ্র ও প্রান্তিক পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)-এর উদ্যোগে নতুন উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) পূর্বধলা ব্র্যাক এরিয়া অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাকের ৩০ জন সদস্যের হাতে দুই দিন বয়সী মোট ৬০০টি মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়। এ সময় প্রত্যেক সদস্যকে ২০টি করে মুরগির বাচ্চা প্রদান করা হয়।

মুরগির বাচ্চা বিতরণের পাশাপাশি উপকারভোগীদের মুরগি পালন, সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা এবং বিভিন্ন রোগ প্রতিরোধ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হাসান। তিনি ব্র্যাকের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, "এ ধরনের কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।"

পূর্বধলা ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ রিজিওনের রিজিওনাল কো-অর্ডিনেটর মো. আব্দুল আউয়াল, পূর্বধলা শাখা ব্যবস্থাপক মো. শফিউল্লাহ, আরবান কো-অর্ডিনেটর আবুল আরশাদ।

পূর্বধলা ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক সাদেকুর রহমান বলেন, "ব্র্যাক দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে দরিদ্র পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।"

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়ন এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে ব্র্যাকের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসব কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও পরিবারের পুষ্টি চাহিদা পূরণে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত