মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

পূর্বধলার উজ্জল মিয়া দেশসেরা স্বেচ্ছাসেবক নির্বাচিত


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ দুপুর

নেত্রকোনার পূর্বধলার তরুণ উজ্জল মিয়া ভিএসও বাংলাদেশের (VSO Bangladesh) বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-এ প্রথম স্থান অর্জন করে দেশসেরা স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছে। 

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে দেশের হাজারো তরুণের মধ্য থেকে মনোনীত সেরা ১৫ জনের তালিকায় সে এই শ্রেষ্ঠত্ব অর্জন করে।

গত সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সিনেট ভবনে অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন তার হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি আরমান হোসেন এবং সাধারণ সম্পাদক জামাল হোসেন। 

উজ্জল মিয়া বর্তমানে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ভিএসও বাংলাদেশের জাতীয় যুব ফোরামের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। তার নেতৃত্বে এই বিভাগে চার জেলার দুই শতাধিক তরুণ কাজ করছে।  স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু, আধুনিক কৃষি, পুষ্টিবাগান, শিশু অধিকার এবং বাল্যবিবাহ প্রতিরোধ-এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে তার দলের কাজ বর্তমানে বিভাগজুড়ে প্রশংসিত।

উজ্জল মিয়া তার পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন-“এই স্বীকৃতি শুধু আমার একার নয়-এটা সেই সব তরুণের, যারা নিজের সময়, স্বপ্ন আর শক্তি সমাজ পরিবর্তনের জন্য নিবেদন করে। স্কুলে এক আপুর বাল্যবিবাহ ঠেকাতে প্রথমবার এগিয়ে যাওয়ার সময় কখনো ভাবিনি, এই পথ আমাকে আজকের এই মঞ্চে দাঁড় করাবে। সেদিন শুধু মনে হয়েছিল-আমি চুপ থাকলে আরও কোনো মেয়ের জীবন থমকে যেতে পারে।  আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের মঞ্চে দাঁড়িয়ে যখন পুরস্কারটি হাতে নিলাম, তখন মনে হলো-আমার জন্মভূমি, শৈশবের পথচলা, ছোট ছোট সেবামূলক কাজগুলোর প্রতিটি আমাকে এখানে নিয়ে এসেছে। আমি কৃতজ্ঞ আমার টিমের প্রতি, আমার জেলার মানুষের প্রতি-যাঁরা প্রতিদিন আমাকে বিশ্বাস এবং অনুপ্রেরণা দেন।

এই অর্জন আমার কাছে শুধু সম্মান নয়; এটি আরও দায়িত্ব। সামনে আরও বেশি কাজ করতে হবে, আরও বেশি মানুষকে সাথে নিতে হবে, আর আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও মানবিক ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।”

উজ্জল মিয়া নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কাঠালকুশী গ্রামের ছেলে। তার বাবা ওহিদুল ইসলাম খান একজন কৃষক। দুই ভাই ও দুই বোনের মধ্যে সে তৃতীয়। বর্তমানে সে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের সমাজকর্ম বিভাগে ১ম বর্ষের শিক্ষার্থী।

২০১৯ সাল থেকে সে স্বেচ্ছাসেবী কাজ শুরু করে। শিশুদের অধিকার, যুব উন্নয়ন ও সমাজ বদলের নানা কাজে সে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। সে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশু ফোরাম ও যুব ফোরামে কাজ করেছে। ইউনিসেফের শিশু সাংবাদিক ও শিশু সংসদের সদস্য ছিল। বর্তমানে সে ভিএসও বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। এছাড়া সবুজ সন্ধ্যা সেবা ফাউন্ডেশনসহ আরও কিছু সংগঠনের সঙ্গে সে কাজ করছে।

ছোটবেলা থেকেই মানুষের উপকার করার ইচ্ছা তাকে এই পথে এনেছে। স্কুল-কলেজ জীবনে বিভিন্ন প্রতিযোগিতা ও নেতৃত্বের কাজেও তার সাফল্য রয়েছে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সে বহু পুরস্কার পেয়েছে। ২০২২ ও ২০২৩ সালে পেয়েছে উপজেলার শ্রেষ্ঠ শিশু লিডার সম্মাননা। ২০২৪ সালে ভিএসও বাংলাদেশ থেকে ময়মনসিংহ বিভাগের সেরা ভলান্টিয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিল। মানুষকে সাহায্য করার ইচ্ছা, দায়িত্ববোধ আর পরিশ্রম-এই গুণগুলোই তাকে আজ দেশের সেরা স্বেচ্ছাসেবকের সম্মান এনে দিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত