জামালপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ দুপুর

জামালপুর জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সাথে জামালপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ ডিসেম্বর, রবিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে বিভিন্ন অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী তার বক্তব্যে বলেন, জামালপুরের উন্নয়নে কাজ করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমাদের মন আছে কাজ করার। সদিচ্ছা থাকলে কাজে সফলতা আসবেই। তবে সমন্বিত উদ্যোগ ও চেষ্টা থাকতে হবে। আইন, শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ নানা ধরণের সামাজিক ইস্যুগুলো স্বাভাবিক রাখতে পুলিশ, ম্যাজিস্ট্রেটের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ যখন সম্পৃক্ত হবে তখন ইতিবাচক পরিবর্তন আসবেই।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, জামালপুরের প্রস্তাবিত নকশিপল্লীর কার্যক্রম কি অবস্থায় আছে তা দেখা হবে। একই সাথে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের কার্যক্রম ও অর্থনৈতিক অঞ্চলের কাজের অগ্রগতি সাধনে আমরা কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ভাল থাকলে উন্নয়নের গতি বেগবান হবেই। সরকারি কর্মকর্তাদের তথ্য সংরক্ষণ, তথ্য প্রচারে আরও গতিশীল হতে হবে। স্ব-স্ব প্রতিষ্ঠানের ওয়েবসাইট আপডেট রাখতে হবে। যে সকল কর্মকর্তা বদলি হয়ে চলে যাবেন, তাদের মোবাইল নম্বর সাথে সাথে ডিলিট করে নতুন কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর যুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন অংশীজন বিশেষ করে মুক্তযোদ্ধা, জুলাই যোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, ইমাম ও সুশীল সমাজের ব্যক্তিদের সম্পদ হিসেবে তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে জামালপুরের উন্নয়নে ভূমিকার সুযোগ সৃষ্টি করতে হবে।
অন্যান্য বক্তারা জামালপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরে পদক্ষেপ নেয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার জালাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বাগত সাহা, জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত নূর মোহাম্মদ, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জুলাইযোদ্ধা হারুন অর রশিদ, জেলা ট্রাইবাল অ্যাসোসিয়েশনের সভাপতি তেরিসাস তারসিউস এম সাংমা, উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম প্রমুখ।


_medium_1768730528.jpg)
_medium_1768731203.jpg)



