মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় বাবার বাড়িতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় বাবার বাড়িতে ফাঁসিতে ঝুলে হেলেনা খাতুন (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

রবিবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধলা যাত্রাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হেলেনা খাতুন ওই গ্রামের আব্দুল করিমের মেয়ে। তিনি ময়মনসিংহের আকুয়া বাইপাস (লেঙ্গুড়িপাড়া) এলাকার রুবেল মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সারাদিন বাবা-মায়ের সঙ্গে ঘরের কাজ শেষ করে সন্ধ্যায় নিজের ঘরে বিশ্রাম নিতে যান হেলেনা। রাত ৮টার দিকে খাবারের সময় তাকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তার বাবা ঘরের দরজা খুলে দেখেন-ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলছেন হেলেনা। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাকে নিচে নামালেও ততক্ষণে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ৭-৮ বছর আগে হেলেনার প্রথম বিয়ে হয় তারাকান্দায়। তার পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। প্রথম স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। দুই মাস আগে তার দ্বিতীয় বিয়ে হয় ময়মনসিংহের রুবেল মিয়ার সঙ্গে। দুই দিন আগে তিনি বাবার বাড়িতে আসেন। পরিবারের ধারণা-মানসিক অস্থিরতা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

পূর্বধলা থানার এসআই মোবারক হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত