জামালপুরে নারীর-প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিবন্ধী দিবস উদযাপন
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ রাত

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী কর্মসূচি এবং ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে জামালপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে জামালপুর সদর উপজেলার ১ নম্বর কেন্দুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এবারের আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য ছিল ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’। অন্যদিকে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রতিপাদ্য ছিল ‘আসুন ঐক্যবদ্ধ হই: নারী ও কন্যাশিশুর প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধ করি’।
অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় এবং অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (এএনসিপি) অর্থায়নে ‘জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (জেসমিন)’ প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই আয়োজনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. রুহুল আমীন। এরপর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা তাঁদের আলোচনায় নারী ও কন্যাশিশুর ওপর ডিজিটাল মাধ্যমের অপব্যবহার এবং সহিংসতা রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, শারীরিকভাবে অসম্পূর্ণ বা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের পেছনে ফেলে সমাজের সামগ্রিক উন্নয়ন অসম্ভব। তাঁদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে।
কেন্দুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জামালপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন এবং সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও গণমাধ্যমকর্মী মো. খোরশেদ আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেসমিন প্রকল্পের কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি স্পেশালিষ্ট মো. কওনান মুরসালিন, উপজেলা কো-অর্ডিনেটর সুজিত চিসিম এবং জেন্ডার ডিআরআর অ্যান্ড সিসি অফিসার মোছা. সাদেকা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেসমিন প্রকল্পের কমিউনিটি ফেসিলিটেটর মাসুদ রানা।
অনুষ্ঠানে ইমাম, শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেসমিন প্রকল্পটি ২০২৩ সাল থেকে জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জে কার্যক্রম পরিচালনা করে আসছে। এটি মূলত এনএসভিসি প্রকল্পের (২০১৮–২০২৩) একটি বর্ধিত অংশ।




_medium_1772434088.jpg)

_medium_1772433981.jpg)
